1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

কল্যাণপুরে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণ হত্যার অভিযোগ: হাসিনা-কামালসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ Time View

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়।

এই মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন— সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তা।

অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামের একটি বাসায় ৯ তরুণকে আটক করে রাখা হয়। পরে সেখানে সোয়াত ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অভিযান চালায়। অভিযানের সময় বাসার ভেতরে গুলি চালিয়ে ওই ৯ তরুণকে হত্যা করা হয়।

পরে ঘটনাটিকে ‘জঙ্গি দমন অভিযান’ হিসেবে প্রচার করা হয় এবং নিহতদের জঙ্গি হিসেবে পরিচয় দেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, তৎকালীন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করতে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের কিছু কর্মকর্তা পরিকল্পিতভাবে এই ‘নাটক’ সাজান। নিহত তরুণদের দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কেউ কেউ ডিবি হেফাজতে দুই থেকে তিন মাস পর্যন্ত আটক ছিলেন।

অভিযোগে আরও বলা হয়, গভীর রাতে ‘ব্লক রেইড’-এর আড়ালে তাদের কল্যাণপুরের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই গুলি করে হত্যা করা হয়।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ওই সময় তথাকথিত ‘জঙ্গি নাটক’ একটি নিত্যনৈমিত্তিক পদ্ধতিতে পরিণত হয়েছিল। ইসলামি ভাবধারার মানুষদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে হত্যা করে দেশজুড়ে ভয়ের সংস্কৃতি তৈরি করা হতো।

এই মামলার অভিযোগপত্র দাখিলের মাধ্যমে কল্যাণপুরের সেই বহুল আলোচিত ঘটনার বিচার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss