রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় এক মুদি দোকানি গুলিবিদ্ধ ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে পল্লবীতে ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তি হলেন, মুদি দোকানি মোহাম্মাদ হোসেন দীপু (৪৫)
দীপুর স্ত্রী আফরোজা আক্তার জানান, তাদের বাসা পল্লবীর ই ব্লকে এবং বাসার নিচেই মুদি দোকান রয়েছে। ভোর সাড়ে পাঁচটার দিকে দীপু ধূমপানের জন্য বাসা থেকে নিচে নামেন।
দীপুর শ্যালক শুভ বলেন, “ভোরে বাসার সামনে চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি দুলাভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন জানতে পারি, তিনি ছিনতাইকারীর কবলে পড়েছেন।” প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
নিজের বর্ণনায় দীপু বলেন, “আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ধূমপান করছিলাম। একটি মোটরসাইকেলে করে তিনজন আসে। কাছে এসে একজন ছুরি দেখিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। তারা আমার পকেট থেকে মানিব্যাগ বের করে নেয়। ফোন নিতে গেলে বাধা দেই, তখন ধস্তাধস্তি হয়। হঠাৎ পেছন থেকে একজন গুলি করে।”
গুলিটি তার বাম পায়ে লাগে এবং অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ছিনতাইকারীরা মানিব্যাগে থাকা ১৭ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাগুলো সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভোররাতে রাজধানীর দুই প্রান্তে এমন দুটি ঘটনা আবারও নগরবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।