দরজায় কড়া নাড়ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপ। আর টুর্নামেন্ট শুরুর আগেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গেছে জোর আলোচনা—কে জিতবে এবারের বিশ্বকাপ?
এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় প্রেডিকশন মার্কেট। সেখানে বিশ্বের শীর্ষ গণক ও ব্যবহারকারীদের বাজির ভিত্তিতে তৈরি করা হয়েছে সম্ভাব্য বিশ্বকাপজয়ীদের তালিকা। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন।
প্রেডিকশন মার্কেট অনুযায়ী,
স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সম্ভাবনা ১৫ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তাদের সম্ভাবনা ১৩ শতাংশ।
মজার বিষয় হলো, ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা—দু’দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা সমান। অর্থাৎ বর্তমান হিসাবে তাদের কেউই স্পেন, ইংল্যান্ড বা ফ্রান্সের চেয়ে এগিয়ে নেই।
এই তালিকা তৈরি করা হয়েছে মূলত দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স, ফর্ম এবং আন্তর্জাতিক ফুটবলের ট্রেন্ড বিশ্লেষণ করে। স্পেনের ওপর সবচেয়ে বেশি অর্থ লগ্নি করেছেন ব্যবহারকারীরা। গত বছরের সেপ্টেম্বর থেকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষেও রয়েছে লা রোহা।
ইংল্যান্ড র্যাংকিংয়ে চতুর্থ হলেও, তাদের ওপর বাজির পরিমাণ বেশি হওয়ায় তালিকায় তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যদিও ভালো দল গড়েও বিশ্বকাপে বারবার ব্যর্থ হওয়ার ইতিহাস আছে ‘থ্রি লায়ন্স’-দের। এবার সেই অপবাদ ঘোচাতে হলে তাদের গড়তে হবে বিশেষ কিছু।
তালিকার তিন নম্বরে থাকা ফ্রান্সও সাম্প্রতিক সাফল্যের কারণেই এগিয়ে রয়েছে। আর চার ও পাঁচ নম্বরে থাকা ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য এবারের বিশ্বকাপ হতে পারে নতুন করে আধিপত্য ফেরানোর মঞ্চ। বিশেষ করে ব্রাজিলের সামনে রয়েছে দীর্ঘদিনের ট্রফিখরা কাটানোর সুযোগ।
তবে এই হিসাব একেবারেই চূড়ান্ত নয়। ইনজুরি, কোচ বদল, খেলোয়াড়দের ফর্ম কিংবা কৌশলগত পরিবর্তনে এই তালিকা যে কোনো সময় বদলে যেতে পারে। এখনো বিশ্বকাপ শুরু হতে প্রায় ছয় মাস বাকি এবং দলগুলোও এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি।
সব মিলিয়ে, এই সম্ভাব্য তালিকাটি আপাতত একটি অনুমানভিত্তিক পূর্বাভাস—শেষ হাসি কে হাসবে, তা জানাবে মাঠের লড়াইই।
Leave a Reply
You must be logged in to post a comment.