যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সমুদ্রের নিচে থাকা একটি বিস্তৃত ‘ক্ষেপণাস্ত্র টানেল’ নেটওয়ার্ক প্রকাশ করেছে ইরান। তেহরানের দাবি, এসব টানেলে শত শত দূরপাল্লার ক্রুজ মিসাইল মজুত রয়েছে। ইরান সতর্ক করে বলেছে, তাদের ওপর কোনো হামলা হলে হরমুজ প্রণালি আর নিরাপদ থাকবে না।
সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে একটি সাবমেরিন ক্ষেপণাস্ত্র স্থাপনার ভেতরে দেখা যায়। সেখানে সারিবদ্ধভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত রকেট প্রদর্শন করা হয়।
আলিরেজা তাংসিরি বলেন,
আইআরজিসি নৌবাহিনীর কাছে সমুদ্রের নিচে বিস্তৃত ক্ষেপণাস্ত্র টানেলের একটি নেটওয়ার্ক রয়েছে, যা পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ মোকাবিলার জন্য প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান, এসব টানেলে এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে।
আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের ভাষ্য অনুযায়ী, তাদের তৈরি ‘কাদের-৩৮০ এল’ ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটারেরও বেশি। এতে রয়েছে স্মার্ট গাইডেন্স সিস্টেম, যা আঘাতের মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তুকে অনুসরণ করতে পারে।
ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌপরিবহন ব্যাহত করার হুমকি দেওয়ার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের তথ্য প্রকাশ করা হলো।
আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেন,
আকাশ, স্থল ও সমুদ্রের নিচসহ সব ক্ষেত্রেই হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“ইরান হরমুজ প্রণালির তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য পায়। এই প্রণালির নিরাপত্তা তেহরানে নেওয়া সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।”
হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ১০ লাখ ব্যারেল তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক তেল পরিবহনের প্রায় ৩৭ শতাংশ।
আকবরজাদেহ আরও বলেন,
“ইরান আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ শনাক্ত ও অনুসরণ করতে সক্ষম। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।”
তার ভাষ্য অনুযায়ী,
“আমাদের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবে প্রতিক্রিয়া আগের যেকোনো সময়ের চেয়ে আরও কঠোর হবে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষায় ইরানের প্রস্তুতি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।”
সূত্র: দ্য নিউ আরব