চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থীর ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. মেহেদী হাসান এই তলব আদেশ জারি করেন।
কমিটির আদেশে বলা হয়, মোহাম্মদ নজরুল ইসলামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তি বেআইনি কার্যক্রম পরিচালনা করেছেন কি না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। এজন্য রুবাইয়াত ইবনে হারুন রাফিকে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে, কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে শাস্তিমূলক সুপারিশ করা হবে না।
একই সঙ্গে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করে দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির আদেশে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তের কর্মকাণ্ড
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং নির্বাচনি আচরণবিধি, ২০২৫-এর বিধি ৩, ১৫ ও ২৭-এর সুস্পষ্ট লঙ্ঘন।
কমিটির মতে, এই ঘটনায় এলাকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় নামোশংকরবাটি এলাকায় ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদ ও তার স্ত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার উপস্থিতিতে জামায়াতে ইসলামীর নেতা আজিজুল হক নূরের ওপর হামলা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, হারুনুর রশীদের ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফি ওই জামায়াত নেতার কলার ধরে মারধর করেন এবং শূন্যে তুলে ধরেন।
বিক্ষোভ মিছিল
ঘটনার প্রতিবাদে সেদিন রাতেই জেলা শহরের নতুনহাট মোড়ে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। দলটির দাবি, প্রচার মিছিলের সময় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটার অজুহাতে পরিকল্পিতভাবে হামলা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটানো হয়েছে।