‘প্রতি মাসে বিল দেন, কিন্তু ঠিকমতো পানি ও গ্যাস পান না’—ঢাকার উত্তরার মানুষের এই দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
বক্তৃতায় তারেক রহমান বলেন, দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের কাজে অতীতে বাধা দেওয়া হয়েছে। এ অবস্থার পরিবর্তন করে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে নতুন কল-কারখানা গড়ে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন,
“ঠিক একইভাবে আমাদের দেশের খাল-বিলগুলো শুকিয়ে গেছে। ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীগুলোর প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই এলাকার পানির সমস্যা যেমন আমাদের সমাধান করতে হবে, তেমনি সমগ্র দেশের পানির সমস্যারও সমাধান করতে হবে। সে জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি।”
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসাসেবার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, উত্তরায় একটি সরকারি হাসপাতালের প্রয়োজন রয়েছে। ধানের শীষ বিজয়ী হলে উত্তরায় সরকারি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’ সফল করতে উত্তরার মানুষের ভূমিকার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার বাসিন্দাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।
উল্লেখ্য, এর আগে গাজীপুর ও ময়মনসিংহে পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।