ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির অংশ হিসেবে আমদানি করা গাড়ির ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমাতে যাচ্ছে ভারত। রয়টার্সের বরাতে জানা গেছে, বর্তমানে যেখানে ইউরোপীয় গাড়ির ওপর সর্বোচ্চ ১১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়, সেখানে নতুন চুক্তির আওতায় তা কমিয়ে প্রাথমিকভাবে ৪০ শতাংশে নামানো হবে। ভবিষ্যতে ধাপে ধাপে এই শুল্ক আরও কমে ১০ শতাংশে নামানোর পরিকল্পনাও রয়েছে।
আলোচনার সঙ্গে যুক্ত দুইটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে ১৫ হাজার ইউরোর বেশি দামের সীমিতসংখ্যক গাড়ির ক্ষেত্রে এই শুল্কহ্রাস কার্যকর হবে। এর ফলে ভক্সওয়াগেন, মার্সিডিজ-বেঞ্জ ও বিএমডব্লিউসহ ইউরোপীয় নির্মাতারা ভারতীয় বাজারে তুলনামূলক সহজে প্রবেশের সুযোগ পাবে।
ভারত ও ইইউ দীর্ঘদিন ধরেই একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই চুক্তিকে ইতোমধ্যে ‘মাদার অব অল ডিলস’ নামে আখ্যা দেওয়া হচ্ছে। চুক্তি বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে এবং বিশেষ করে ভারতীয় টেক্সটাইল ও জুয়েলারি খাত নতুন গতি পেতে পারে।
বর্তমানে ভারতীয় বাজারে গাড়ি আমদানির ক্ষেত্রে ৭০ থেকে ১১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়, যা দেশটির অটোমোবাইল খাতকে দীর্ঘদিন ধরেই সুরক্ষিত রেখেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, বছরে প্রায় দুই লাখ অভ্যন্তরীণ দহন ইঞ্জিনচালিত গাড়ির ক্ষেত্রে শুল্ক ৪০ শতাংশে নামানো হতে পারে।
তবে ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি (ইভি) এই শুল্কহ্রাসের বাইরে থাকবে প্রথম পাঁচ বছর। দেশীয় কোম্পানি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ও টাটা মোটরসের মতো নির্মাতাদের বিনিয়োগ সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ বছর পর ইভিগুলোর ক্ষেত্রেও একই ধরনের শুল্ক ছাড় প্রযোজ্য হতে পারে।
ভারতের গাড়ির বাজার বর্তমানে জাপানের সুজুকি এবং দেশীয় ব্র্যান্ড মহিন্দ্রা ও টাটার দখলে। ইউরোপীয় নির্মাতাদের বাজার অংশ মাত্র ৪ শতাংশেরও কম। তবে বাজারটি ২০৩০ সালের মধ্যে ৬০ লাখ ইউনিটে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য বড় সুযোগ তৈরি করবে।
বিশেষজ্ঞদের মতে, শুল্ক কমলে ইউরোপীয় গাড়ির দাম তুলনামূলক কম হবে এবং নির্মাতারা স্থানীয়ভাবে উৎপাদনে যাওয়ার আগে ভারতীয় বাজার যাচাইয়ের সুযোগ পাবেন। এর ফলে ভবিষ্যতে ভারতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ার সম্ভাবনাও তৈরি হবে।