কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি (বুধবার)। সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।
শুনানিতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি কুমিল্লা–৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এরপর গত ২২ জানুয়ারি হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। সেই আবেদনের প্রেক্ষিতেই আগামী বুধবার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
এই শুনানির রায়ের ওপরই নির্ভর করবে কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থিতা চূড়ান্তভাবে বহাল থাকবে কি না।