আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে—এমন তথ্য জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।
ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টির দশম আসরে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল আগেই। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে সম্মত হওয়ার বিষয়ে অবস্থান পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিসিবির পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত এই পরিবর্তন কার্যকর করা হয়।
এর ফলে স্কটল্যান্ড এখন গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় খেলবে। স্কটিশরা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ক্রিকবাজ জানিয়েছে, দুবাই ও এডিনবরার মধ্যে ইতোমধ্যেই আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে।