ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। আইসিসি সময়সীমা নির্ধারণ করলেও এ বিষয়ে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আসিফ নজরুল বলেন, মোস্তাফিজুর রহমানকে ভারতে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারার ঘটনা সরকারের উদ্বেগ বাড়িয়েছে। এর ভিত্তিতে বাংলাদেশ দলের সামগ্রিক নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে বলে মনে করছে সরকার। তিনি জানান, এক মাসের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে—আইসিসির এমন আশ্বাসে সরকার আস্থা রাখতে পারছে না।
তবে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, এই ইস্যুতে আজ আবারও আইসিসির সঙ্গে বিসিবি যোগাযোগ করবে।
ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, এটি একটি ‘অভ্যন্তরীণ বিষয়’, তাই তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না।