কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিগগিরই আপিল দায়ের করা হবে।
এর আগে বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লা–৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট খারিজ হওয়ায় আপাতত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারান তিনি।
রিট শুনানিকালে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আপিলে অভিযোগ করা হয়, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেয়।
পরবর্তীতে ওই সিদ্ধান্ত স্থগিত চেয়ে ১৯ জানুয়ারি রিট দায়ের করা হয় এবং ২১ জানুয়ারি শুনানি শেষে হাইকোর্ট রিট খারিজ করেন।