ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
নাহিদ ইসলাম বলেন,
‘এই জনপদের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত। তাই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এখান থেকেই আমাদের নির্বাচনী যাত্রা শুরু করছি।’
তিনি এবারের নির্বাচনকে আধিপত্যবাদবিরোধী আজাদীর যাত্রা হিসেবে উল্লেখ করে বলেন,
‘এই যাত্রার প্রধান এজেন্ডা হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার।’
এ প্রসঙ্গে নাহিদ ইসলাম নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের দাবি জানান।
নির্বাচন প্রসঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন,
‘সরকার এবং নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে, যা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য উদ্বেগজনক।’