রেকর্ড আর ক্রিস্টিয়ানো রোনালদো—দুটো যেন সমার্থক শব্দ। বয়স ৪০ পেরিয়েও থামার কোনো লক্ষণ নেই পর্তুগিজ মহাতারকার। সৌদি প্রো লিগে বুধবার (২১ জানুয়ারি) দামাকের বিপক্ষে গোল করে আরও একটি রেকর্ডে নিজের নাম লেখালেন সিআর সেভেন।
দামাকের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ২–১ গোলের জয় পায় আল নাসর। সেই ম্যাচে জাল কাঁপিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে নিজের মোট গোলসংখ্যা ৯৬০-এ উন্নীত করেন রোনালদো, ফলে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি এখন মাত্র ৪০ গোল দূরে।
৪০ বছর বয়সি এই ফরোয়ার্ডের গোলে লিগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে আল নাসর। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দলটি এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল হিলাল।
ম্যাচের ৫ম মিনিটেই আব্দুররাহমান ঘারিবের গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতির পর ৫০তম মিনিটে জোয়াও ফেলিক্সের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। গোলের পর কর্নার ফ্ল্যাগের পাশে গিয়ে চিরচেনা ‘সুই’ উদযাপনে মেতে ওঠেন তিনি।
৬৮তম মিনিটে দামাক একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত আল নাসরের জয় আটকে দিতে পারেনি স্বাগতিকরা।
এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে ১৬ ম্যাচে ১৬ গোল করে সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করলেন রোনালদো।
আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩১ ম্যাচে ১১৬ গোল করে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল বিদেশি গোলদাতার রেকর্ড এখন রোনালদোর দখলে। তিনি পেছনে ফেলেছেন মরক্কোর তারকা আব্দেররাজাক হামদাল্লাহকে।
দেশি-বিদেশি মিলিয়ে আল নাসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো এখন তৃতীয় স্থানে। তার ওপরে রয়েছেন
মোহাম্মাদ আল সাহলাউই (১৩১ গোল)
কিংবদন্তি মাজেদ আবদুল্লাহ (২৫৯ গোল)