ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাতে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার পর তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২২৭ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে।
সিলেটে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তারেক রহমানের সঙ্গে রয়েছেন ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল। এ দলে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও অন্তর্ভুক্ত রয়েছেন।
দলীয় সূত্র জানায়, ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সর্বশেষ সিলেট সফর করেছিলেন। দীর্ঘ সময় পর এবার তিনি বিএনপি চেয়ারম্যান হিসেবে সিলেট যাচ্ছেন। চেয়ারম্যান হিসেবে এটি তার প্রথম জনসভা।
বিএনপির রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী, ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছেন।
দলীয় সূত্রে আরও জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান।
তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। মাইকিং, মিছিল ও সভা-সমাবেশে দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।