বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপিসহ সাতটি রাজনৈতিক দলের নেতারা। বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নিজ নিজ দলের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, আমজনতা পার্টির সভাপতি মিয়া মসিউজ্জামান, ন্যাপ (ভাসানী) চেয়ারম্যান আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির সভাপতি ইসমাইল হোসেন সম্রাট, নেজামী ইসলাম পার্টির সভাপতি একেএম আশরাফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এবং গণতান্ত্রিক বাম ঐক্যের নেতা হারুন চৌধুরী।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচন ও বিরোধী দলগুলোর পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠক শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনটির পক্ষ থেকে তাকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে বিরোধী দলগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।