সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈশ্বিক প্রভাবের দিক থেকে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বখ্যাত সামাজিক মাধ্যম বিশ্লেষণ প্ল্যাটফর্ম সোশ্যাল ব্ল্যাড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সর্বশেষ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩ নম্বরে, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলেছেন।
রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
সোশ্যাল ব্ল্যাডের তথ্যমতে, ফেসবুকে কনটেন্ট প্রকাশ ও সেই কনটেন্ট ঘিরে আলোচনার মাত্রা—এই দুই সূচক বিবেচনায় তারেক রহমান বর্তমানে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের একজন।
তার ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬টি লাইক রয়েছে। একই সঙ্গে পেজটি নিয়ে আলোচনায় (Talking About This) রয়েছেন ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২ জন ব্যবহারকারী, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে।
এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্ল্যাডের সামগ্রিক র্যাঙ্কিংয়ে তারেক রহমানের অবস্থান ৪২তম, যেখানে তার পেজটি পেয়েছে A++ গ্রেড।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৪ দিনে তার ফেসবুক পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক। দৈনিক গড়ে লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারেরও বেশি, যা বিশ্ব রাজনীতির অনেক শীর্ষ নেতার ফেসবুক পেজের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সোশ্যাল ব্ল্যাডের ব্যাখ্যা অনুযায়ী, যেসব ব্যক্তি বা পেজকে কেন্দ্র করে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি, শেয়ার ও আলোচনা হয়—তাদেরই ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে বিবেচনা করা হয়। এই সংজ্ঞা অনুযায়ী, তারেক রহমান বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত রাজনৈতিক কনটেন্ট ক্রিয়েটরদের একজন।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক বার্তা, সমসাময়িক ইস্যুতে অবস্থান এবং ধারাবাহিক অনলাইন উপস্থিতির কারণে তারেক রহমানের ফেসবুক পেজটি এখন বৈশ্বিক রাজনীতির অন্যতম প্রভাবশালী ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।