ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই নির্বাহী কমিটি গঠনের খবর জানায় মিশরীয় সম্প্রচারমাধ্যম আল কাহেরা নিউজ।
প্রতিবেদনে বলা হয়, নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আলি আবদেল হামিদ শাথ। তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দা ও একজন সুপরিচিত প্রকৌশলী। কমিটির বাকি সদস্যদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
গাজা পরিচালনায় আলি শাথের নেতৃত্বে গঠিত এই ‘টেকনোক্র্যাট সরকারকে’ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
ট্রাম্প বলেন,
“অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনার জন্য নবনিযুক্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক গভর্নমেন্ট—ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজাকে আমি সমর্থন জানাচ্ছি। এই কমিটি একটি আন্তর্জাতিক বোর্ডের উচ্চপদস্থ প্রতিনিধিদের সহায়তায় পরিচালিত হবে।”
গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার ও তুরস্ক জানিয়েছে, এই নতুন টেকনোক্র্যাট কর্তৃপক্ষ ১৫ সদস্যের হবে এবং এর নেতৃত্বে থাকবেন আলি আবদেল হামিদ শাথ।
আলি শাথ এর আগে পশ্চিম তীরের ক্ষমতাসীন দল ফাত্তাহ-নেতৃত্বাধীন প্যালেস্টাইনিয়ান অথরিটির সরকারের উপ-পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে গাজার শাসনব্যবস্থা তদারকির জন্য ‘বোর্ড অব পিস’ নামে একটি শান্তি পরিষদ গঠনের ঘোষণাও দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। এই বোর্ডের তত্ত্বাবধানে গঠিত টেকনোক্র্যাট সরকার কাজ করবে বলে জানানো হয়েছে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন,
“এটি ঘোষণা করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের যে ‘বোর্ড অব পিস’ গঠিত হয়েছে। শিগগিরই এর সদস্যদের নাম প্রকাশ করা হবে।”
তিনি আরও দাবি করেন,
“এটি যেকোনো সময়, যেকোনো স্থানে গঠিত সবচেয়ে মহান ও মর্যাদাপূর্ণ পরিষদ।”