বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হলেও ক্রিকেটারদের অবস্থানে পরিবর্তন আসেনি। পরিচালক পদ থেকে তার পদত্যাগের দাবিতে অনড় থাকায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচটিও স্থগিত করা হয়েছে।
এর আগে দিনের প্রথম ম্যাচ স্থগিত হওয়ার পর গুঞ্জন উঠেছিল, হয়তো দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াতে পারে। এমনকি রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মানসিকভাবে ম্যাচ খেলতে প্রস্তুত ছিল বলেও জানা যায়। তবে শেষ পর্যন্ত দুই দলের ম্যাচও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ বিপিএলের কোনো ম্যাচই মাঠে গড়াচ্ছে না।
ক্রিকেটারদের আল্টিমেটামের পরও এম নাজমুল ইসলাম বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ না করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। যদিও তাকে অর্থ কমিটিসহ বোর্ডের সব কার্যক্রম থেকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে, তবুও ক্রিকেটাররা জানিয়েছেন—পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা বয়কট প্রত্যাহার করবেন না।
দুপুরে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে পরিচালক পদ থেকে সরানোর সুস্পষ্ট সিদ্ধান্ত এলে তারা মাঠে ফেরার বিষয়ে বিবেচনা করবেন।
এই টানাপোড়েনের মধ্যেই বিপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে, আজ রাত ৮টায় বিপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন বিসিবির পরিচালকরা। ওই বৈঠকের পরই বিপিএলের পরবর্তী ম্যাচগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বৈঠকে ক্রিকেটারদের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।