বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিন্যান্স বা অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং বোর্ডের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় বিসিবি সভাপতি তার ওপর অর্পিত ক্ষমতাবলে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিয়েছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার সব সময়ই ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষণ। বোর্ড তার অধিভুক্ত সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
বর্তমান চ্যালেঞ্জিং সময়ে ক্রিকেটারদের উদ্দেশে বিসিবি আশা প্রকাশ করে বলেছে, তারা যেন পেশাদারিত্ব ও নিষ্ঠার সর্বোচ্চ মান বজায় রেখে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ চালিয়ে যান এবং একইসঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করেন।
এর আগে বিসিবি জানিয়েছিল, নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর শর্তে ক্রিকেটারদের খেলায় ফেরার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সতর্ক করে বোর্ড।