বাংলাদেশসহ একাধিক দেশের সঙ্গে যুদ্ধবিমান বিক্রির বিষয়ে আলোচনা চালাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ২০২৫ সালের মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধে সাফল্যের পর পাকিস্তানি যুদ্ধবিমানের আন্তর্জাতিক চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খবর জিও নিউজের।
গতকাল বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরিফ বলেন, “গত বছরের যুদ্ধে জয়লাভের পর পাকিস্তানের তৈরি যুদ্ধবিমানের প্রতি আগ্রহ বেড়েছে। বেশ কয়েকটি দেশ আমাদের কাছ থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করছে।”
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনবিষয়ক মন্ত্রী রাজা হায়াত হারজ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জেএফ-১৭ থান্ডারz যুদ্ধবিমান রপ্তানির বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।
মন্ত্রী আরও জানান, যেহেতু জেএফ-১৭ যুদ্ধবিমানটি চীনের সহযোগিতায় তৈরি, তাই যেকোনো রপ্তানি চুক্তির ক্ষেত্রে চীনের সম্মতি প্রয়োজন হবে।
বার্তা সংস্থা রয়টার্স সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, লিবিয়া, সুদান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের সঙ্গে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে আলোচনা করছে পাকিস্তান।
তবে এসব দেশের নাম প্রকাশ্যে স্বীকার করতে রাজি হননি রাজা হায়াত হারজ। তিনি বলেন, “এগুলো সংবেদনশীল ও গোপনীয় বিষয়। কোন দেশের সঙ্গে আলোচনা চলছে বা কোন পর্যায়ে আছে—তা প্রকাশ করা সম্ভব নয়।”