কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর জন্য চেম্বার আদালতেও আসেনি কোনো স্বস্তির খবর। আপিল বিভাগের চেম্বার আদালত তাকে ঋণখেলাপি হিসেবেই বহাল রেখেছেন। ফলে আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তার বাধা এখনও কাটেনি।
বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। একইসঙ্গে মামলার রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী আদালতকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ইতোমধ্যে তার ঋণ পুনঃতফসিল করেছেন। সে ক্ষেত্রে রুল নিষ্পত্তি হলে তিনি দ্রুত ঋণখেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেন।
এর আগে গত ৮ জানুয়ারি, ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তা স্থগিত করেন চেম্বার আদালত। পরে সেই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী, তবে সর্বশেষ আদেশে আদালত তার আবেদন গ্রহণ করেননি।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।