হিলি বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়, যা নিম্ন ও মধ্য আয়ের মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। ব্যবসায়ীদের দাবি, অভ্যন্তরীণ সরবরাহ কমে যাওয়া ও আমদানি বন্ধ থাকায় বাজারে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে খুচরা দামে।
দোকানিরা জানিয়েছেন, দেশীয় পেঁয়াজের মৌসুম শেষের দিকে হওয়ায় মোকামে সরবরাহ কমে এসেছে। আগে প্রতিদিন ৩ থেকে ৫ ট্রাক পেঁয়াজ হিলিতে আসলেও এখন সেটা নেমে এসেছে মাত্র ১ থেকে ২ ট্রাকে। এতে মোকামে প্রতিমণ পেঁয়াজের দাম ১২০০-১৪০০ টাকা থেকে বেড়ে ১৮০০-২০০০ টাকায় পৌঁছেছে।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি পুনরায় চালু হলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে এবং দামও কমে আসবে। তবে বর্তমানে স্থানীয় চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের।