1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ইরানে যেকোনো সময় হামলার প্রস্তুতি ইসরাইলের, আইডিএফকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ Time View

ইরানকে লক্ষ্য করে যেকোনো সময় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল—এমন তথ্য সামনে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে একযোগে ইরান, লেবানন ও পশ্চিম তীরের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

ইসরাইলের চ্যানেল ১২-এর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, এই প্রস্তুতির অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরানের বিরুদ্ধে একটি ‘বিস্ফোরক ও লক্ষ্যভিত্তিক অভিযান’-এর পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আইডিএফ প্রধান ইয়াল জামিরের নেতৃত্বে প্রণীত চার বছর মেয়াদি একটি দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনার আওতায় এই যুদ্ধ প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিকল্পনায় আধুনিক যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মহাকাশভিত্তিক স্যাটেলাইট নজরদারি ও স্থলভিত্তিক নির্ভুল হামলার সক্ষমতা জোরদার করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরাইলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কা, ইরানে চলমান গণবিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার কারণে তেহরান সরকার নিজেদের অবস্থান ধরে রাখতে ইসরাইলের ওপর পাল্টা হামলা চালাতে পারে। এই সম্ভাবনাকে সামনে রেখেই আগাম সতর্কতামূলক প্রস্তুতি নিচ্ছে তেল আবিব।

চ্যানেল ১২-এর দাবি অনুযায়ী, ইরানে চলমান বিক্ষোভ নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করার কৌশল নিয়েছে ইসরাইল সরকার। তবে ভিন্ন চিত্র দেখা গেছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো হয়েছে এবং এমনকি বিক্ষোভে মোসাদের এজেন্টদের উপস্থিতির দাবিও করা হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। তীব্র মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাবে দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে। কোনো কোনো বিক্ষোভকারী ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে উৎখাত হওয়া রাজতন্ত্র পুনর্বহালের দাবিও তুলেছেন।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। সম্প্রতি ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালানো হলে যুক্তরাষ্ট্র হামলার জন্য প্রস্তুত থাকবে।

এর আগে ফ্লোরিডায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরকালে ট্রাম্প হুঁশিয়ারি দেন—ইরান যদি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করে, তাহলে যুক্তরাষ্ট্র ইসরাইলকে নতুন করে বিমান হামলায় সমর্থন দিতে পারে।

এদিকে ইসরাইলি গণমাধ্যম আই২৪ নিউজের বরাতে জানা গেছে, ‘আয়রন স্ট্রাইক’ নামে একটি নতুন আক্রমণ পরিকল্পনা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরাইলি সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো একাধিক সামরিক মহড়া পরিচালনা করছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss