ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র জানান— এই অভিযান শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলটির স্থিতিশীলতার জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
এক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, অন্য একটি দেশের ভূখণ্ডে এভাবে সামরিক অভিযান চালানো আন্তর্জাতিক অঙ্গনে একটি বিপজ্জনক নজির স্থাপন করছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘মহাসচিব বারবার জোর দিয়ে বলে আসছেন— সব পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে। কিন্তু বর্তমান অভিযানে সেই আন্তর্জাতিক আইনি কাঠামো যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’
গুতেরেস ভেনেজুয়েলার সব পক্ষকে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে অন্তর্ভুক্তিমূলক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান। তার মতে, রাজনৈতিক সংকটের সমাধান সামরিক শক্তির মাধ্যমে নয়, আলোচনার পথেই হওয়া উচিত।
এদিকে কলম্বিয়ার অনুরোধে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামী সোমবার (৫ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে ভেনেজুয়েলার সর্বশেষ পরিস্থিতি ও মার্কিন অভিযানের প্রভাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস ধরে চলা সামরিক চাপ ও হুমকি-ধামকির পর শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।