মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় চালানো “বৃহৎ পরিসরের” হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র আটক করেছে এবং ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
ট্রাম্পের এই দাবির আগেই ভেনেজুয়েলা সরকার অভিযোগ করে যে, যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘সরাসরি সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে কড়া প্রতিবাদ জানায় কারাকাস। ধারাবাহিক হামলার পর প্রেসিডেন্ট মাদুরোর সরকার দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে।
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওয়াশিংটনের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক পাচারের সঙ্গে জড়িত। যদিও এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন মাদুরো।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাদুরো জানান, মাদক পাচার দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তিনি আগ্রহী। তবে এর মধ্যেই সামরিক উত্তেজনা আরও বেড়ে যায়।
মার্কিন প্রশাসনের তথ্যমতে, গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ভেনেজুয়েলার উপকূলবর্তী সাগর এলাকায় অন্তত ২০টির বেশি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে কারাকাসের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়িয়েছে ওয়াশিংটন।
ট্রাম্পের ‘মাদুরো আটক’ সংক্রান্ত দাবি নিয়ে এখনো ভেনেজুয়েলার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। আন্তর্জাতিক মহলে এই দাবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।