সিরিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাতাকিয়া, তারতুস ও জাবলেহ শহরে অনুষ্ঠিত এসব বিক্ষোভে অন্তত কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরও বহু মানুষ।
প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে বরখাস্ত বা আটক হওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তি এবং তাদের পুনর্বহালের দাবিতে শত শত মানুষ লাতাকিয়া ও তারতুসের রাস্তায় নেমে আসেন।
আল জাজিরার এক প্রতিবেদকের বরাতে জানা গেছে, লাতাকিয়ার আজহারি রাউন্ডঅ্যাবাউট এলাকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহত হন। একই সময়ে তারতুস প্রদেশের বানিয়াস শহরের আল-আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত ব্যক্তিরা হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করলে অন্তত দুই নিরাপত্তা সদস্য আহত হন।
সিরিয়ার কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেনি। তবে তারা জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী উত্তেজনা সামাল দিতে সক্ষম হয়েছে।
বিক্ষোভ ও সংঘর্ষের এই ঘটনাগুলো সিরিয়ায় চলমান রাজনৈতিক অস্থিরতার নতুন করে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।