1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

তাইওয়ানে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল রাজধানী তাইপেই

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাইওয়ানের আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার (২৭ ডিসেম্বর) দ্বীপটির উপকূলীয় শহর ইলান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সমুদ্রে এই ভূমিকম্পটি সংঘটিত হয়।

প্রশাসনের তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭৩ কিলোমিটার গভীরে। গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনের প্রভাব তুলনামূলকভাবে বিস্তৃত হলেও ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত ছিল। রাজধানী তাইপেইসহ দেশের বিভিন্ন এলাকায় ভবন কেঁপে ওঠে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

তাইপেই সিটি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের পরপরই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় গ্যাস ও পানির লিকেজ, পাশাপাশি কয়েকটি ভবনে সামান্য কাঠামোগত ক্ষতির খবর পাওয়া গেছে।

এদিকে তাইওয়ান পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ইলান অঞ্চলের তিন হাজারের বেশি বাড়িতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

বিশ্বের অন্যতম বৃহৎ চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, ভূমিকম্পের পর উত্তরাঞ্চলের হসিনচু সায়েন্স পার্কে অবস্থিত তাদের কয়েকটি স্থাপনায় সতর্কতামূলকভাবে কর্মীদের সরিয়ে নেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মীরা পুনরায় কাজে ফিরে যান।

আবহাওয়া প্রশাসন সতর্ক করে জানিয়েছে, আগামী এক দিনের মধ্যে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ০ মাত্রার আফটারশক অনুভূত হতে পারে। তবে ভূমিকম্পটি গভীর সমুদ্রে সংঘটিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলকভাবে কম বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss