সৌদি আরব টানা দ্বিতীয় বছরের মতো এক বছরে কার্যকর করা মৃত্যুদণ্ডের সংখ্যায় নিজের আগের সব রেকর্ড ভেঙেছে। সোমবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন রিপ্রিভের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ৩৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা ২০২৪ সালে কার্যকর হওয়া মোট ৩৪৫টি মৃত্যুদণ্ডের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
সর্বশেষ দুইজন পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যাদের মাদক-সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল। চলতি বছরে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকায় রয়েছেন একজন সাংবাদিক, দুই তরুণ এবং পাঁচ নারী।
রিপ্রিভ জানায়, মোট মৃত্যুদণ্ডের প্রায় দুই-তৃতীয়াংশই দেওয়া হয়েছে অপ্রাণঘাতী মাদক-সংক্রান্ত অপরাধের অভিযোগে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিলেন বিদেশি নাগরিক।
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের এই ঊর্ধ্বগতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে এখনো সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।