সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাইদ।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা সীমান্তের ১২৬০ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের পাশ দিয়ে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের দাবি, ওই দুই তরুণ সুপারি সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করলে ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,
“সীমান্তের ওপারে গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন—এমন তথ্য আমরা পেয়েছি।”
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক নাজমুল ইসলাম বলেন,
“ভারতীয় খাসিয়াদের গুলিতে দুজন মারা গেছেন বলে আমরা শুনেছি। স্থানীয় সূত্রে জানা গেছে, সুপারি চুরির অভিযোগে তারা ভারতে ঢুকে পড়লে বাগান মালিকরা গুলি চালায়।”
তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। অপরজনের মরদেহের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি খতিয়ে দেখতে বিজিবি ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।