অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের শুনানি আগামী বুধবার (৩ ডিসেম্বর) পর্যন্ত মুলতবি করেছেন দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন আইনজীবী ড. শরিফ ভূইয়া, শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আবেদনটি খারিজের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তারা জানান, অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে দাখিল করা রিট হাইকোর্ট আগেই খারিজ করেছেন, তাই এ আবেদনও খারিজ করা উচিত।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে একজন আইনজীবী হাইকোর্টে রিট দাখিল করেছিলেন। হাইকোর্ট রায় দেন—“দেশের জনগণ বৈধতা দিয়েছে, তাই অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলা যায় না।” ওই রায় চ্যালেঞ্জ করে তিনি আপিল বিভাগের অনুমতি চান।
এদিকে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিও আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। একই দিনে এই মামলায় পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।