সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে কোনো দেশের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, “উপদেষ্টা পরিষদ কিছু করতে পারবে না যদি নাগরিক নিজে পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকে। পরিবর্তন শুরু হবে মানুষের মনোভাব পরিবর্তনের মধ্য দিয়ে।”
তিনি আরও বলেন, “পুরোনো রাজনীতির ধারায় থাকলে জুলাই আন্দোলন হতো না। পুরোনোকে নিয়ম ধরে বসে থাকলে পরিবর্তন সম্ভব নয়। সন্দেহ আর অবিশ্বাসকে ভিত্তি করলে অগ্রগতি থেমে যাবে।”
দেশে টেকসই পরিবর্তন আনতে মানুষের বদলে নিয়ম ও কাঠামো ঠিক করা জরুরি উল্লেখ করে উপদেষ্টা বলেন,
“নিয়ম ঠিক থাকলে ফল অবশ্যই আসবে। আমরা সেই নিয়মগুলো ঠিক করার জন্য কাজ করে যাচ্ছি।”
নদী দূষণ রোধে দ্রুত বড় ধরনের ঘোষণা আসছে জানিয়ে তিনি বলেন, দেশের নদী রক্ষায় ছিটেফোঁটা নয়, সমন্বিতভাবে (কম্প্রিহেনসিভ) উদ্যোগ নিতে হবে।