বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে আবারও ফিরলেন নাজমুল হোসেন শান্ত। আগামী ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্ত ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের নেতৃত্বে থাকবেন।
এর আগে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারার পর হঠাৎ করেই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন শান্ত। এরপর থেকে নতুন অধিনায়ক নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও শেষ পর্যন্ত আবারও লাল বলের নেতৃত্ব ফিরে পেলেন তিনি।
২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট অধিনায়ক হন শান্ত। তার নেতৃত্বে এখন পর্যন্ত ১৪টি টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এর মধ্যে ৪টি জয়, ১টি ড্র এবং ৯টি হারের মুখোমুখি হয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে দুটি ঐতিহাসিক টেস্ট জয়ের কৃতিত্বও রয়েছে শান্তর নেতৃত্বে।
গত বছর তিন সংস্করণেই বাংলাদেশের নেতৃত্বে ছিলেন নাজমুল। তবে ব্যাট হাতে ছন্দ হারানোয় তিনি টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। এ বছরের শুরুতে ওয়ানডে অধিনায়কত্ব থেকেও তাকে সরানো হয়। এরপর টেস্ট নেতৃত্বও ছাড়ার ঘোষণা দেন তিনি।
সব বিতর্ক পেছনে ফেলে এখন আবারও দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটের দায়িত্ব নিচ্ছেন শান্ত। বিসিবি বিশ্বাস করছে, তার নেতৃত্বে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন দিগন্তে পৌঁছাবে।