ওয়ানডে সিরিজে দাপুটে জয় তুলে নেওয়ার পর এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশ টস হেরে আগে ফিল্ডিং করবে।
দু’দলের বর্তমান ফর্ম একেবারেই বিপরীত। একদিকে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতে দুর্দান্ত আত্মবিশ্বাসে রয়েছে বাংলাদেশ; অন্যদিকে নেপালের বিপক্ষে হেরে আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে লক্ষ্য দু’দলেরই এক — সিরিজ জয়।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৯ বার। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের জয় ৯ ম্যাচে, আর বাংলাদেশের জয় ৮টিতে। আজকের ম্যাচে মুখোমুখি লড়াইটি হবে তাদের ২০তম মোকাবিলা।
চট্টগ্রামের মাঠে বাংলাদেশ দলে তিন পেসার ও দুই স্পিনারকে নিয়ে ভারসাম্যপূর্ণ একাদশ সাজিয়েছে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেইজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে ও জেডন সিলস।
বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রামের উইকেটে ব্যাটসম্যানদের জন্য রান তোলার সুযোগ থাকবে, তবে শুরুতেই স্পিনাররা প্রভাব ফেলতে পারেন। এখন দেখার বিষয়, টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ কেমন শুরু করে।