২০২২ সালে কাতারে লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা ঘুচিয়েছিল ৩৬ বছরের বিশ্বকাপ খরা। তিন বছর পর আবারও এক ফাইনালে আলবিসেলেস্তেরা—এইবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মঞ্চে। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল, যেখানে একমাত্র গোলটি করেছেন মেসির ইন্টার মায়ামি সতীর্থ মাতেও সিলভেত্তি। আগামীকাল (২০ অক্টোবর) ভোরে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে তারা—জয় পেলেই শেষ হবে ১৮ বছরের শিরোপা খরা।
মাত্র ১৯ বছরের সিলভেত্তি এখন দলের অন্যতম আলোচিত মুখ। বেঞ্চ থেকে শুরু করেও তিনি হয়ে উঠেছেন টুর্নামেন্টের তারকা। মাত্র ১৪৭ মিনিট খেলেই করেছেন ৩ গোল ও ১ অ্যাসিস্ট—সবকটি নকআউট পর্বে। রোসারিও শহরে জন্ম নেয়া এই তরুণের যাত্রা যেন অনেকটা মেসির মতোই।
নিউওয়েলসের যুব দল থেকে উঠে আসা সিলভেত্তিকে ইন্টার মায়ামিতে দলে নেয়া হয় তার ধারাবাহিক পারফরম্যান্সের কারণে। সেখান থেকেই জাতীয় দলে ডাক পান তিনি। এখন পর্যন্ত আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।
মজার বিষয় হলো, ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মেসিও প্রতিটি নকআউট ম্যাচে গোল করেছিলেন, যার মধ্যে ফাইনালও ছিল। তাই যদি সিলভেত্তি মরক্কোর বিপক্ষে ফাইনালে গোল করতে পারেন, তবে সেটি হবে মেসির সেই ইতিহাসের পুনরাবৃত্তি—আর আর্জেন্টিনার জন্য নতুন এক গৌরবের অধ্যায়।