টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে নিজের একটি ছবি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিতে দেখা যায়, তার মাথার চুল প্রায় উধাও, যা দেখে ট্রাম্প বেজায় বিরক্ত।
বুধবার (১৫ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন,
“প্রচ্ছদে দেওয়া ছবিটি আমার জীবনের সবচেয়ে খারাপ ছবি। তারা আমার চুল উধাও করে দিয়েছে! মাথার উপরে এমন কিছু ভাসছে যা দেখতে মুকুটের মতো, কিন্তু এত ছোট যে দেখতে হাস্যকর লাগে। আমি কখনই নিচের দিক থেকে তোলা ছবি পছন্দ করি না—এটি আসলেই খারাপ ছবির দিক থেকে সেরা!”
তিনি আরও লিখেছেন,
“টাইম ম্যাগাজিন কি এখনও টিকে আছে? আমি জানতাম না।”
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতেও টাইম ম্যাগাজিনের একটি প্রচ্ছদে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছিলেন, যেখানে ইলন মাস্ককে ওভাল অফিসের প্রেসিডেন্ট ডেস্কে বসা অবস্থায় দেখা গিয়েছিল।
টাইমের নতুন প্রচ্ছদটির শিরোনাম ‘হিজ ট্রায়াম্ফ’ (His Triumph)—যেখানে ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির সফল বাস্তবায়নের জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে। ওই চুক্তির আওতায় ২০ জন ইসরাইলি জিম্মি মুক্তি পায় এবং এর বিনিময়ে ইসরাইল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দি ও ৩৬০ জনের মৃতদেহ ফেরত দেয়।
ঘটনাটিকে ঘিরে ইসরাইল ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সমর্থন জানিয়েছে। আন্তর্জাতিক মহলও বলছে, একাধিক সংঘাত নিরসনে তার ভূমিকা তাকে আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।