ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশে রোববার (১২ অক্টোবর) জারি হওয়া প্রজ্ঞাপনটি সোমবার (১৩ অক্টোবর) প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এবং The Prisons Act, 1894-এর ধারা ৩(বি) অনুযায়ী, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস বিল্ডিং নং-৫৪’-কে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে সেনা সদর জানিয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ব্রিফিংয়ে সেনা সদর দফতরের জিওসি মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন এলপিআরে, ১৫ জন চাকরিতে এবং বাকি ৯ জন অবসরপ্রাপ্ত। ৯ অক্টোবরের মধ্যে সবাইকে সেনা সদরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া সবাই হাজির হয়েছেন।
প্রসঙ্গত, গুমের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআইয়ের পাঁচ সাবেক প্রধানসহ ২৫ জন সেনা কর্মকর্তা রয়েছেন।
আগামী ২১ অক্টোবরের মধ্যে গ্রেফতার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রেক্ষিতে সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়েছে। তবে ভবনটি কার উদ্দেশ্যে ব্যবহার করা হবে—তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।