ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী আগামী কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় আটক ২০ জন ইসরায়েলিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল।
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, “গাজার যুদ্ধ শেষ।” তিনি মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছেন, যেখানে ইসরায়েলি পার্লামেন্ট ‘কেনেসেটে’ ভাষণ দেওয়ার পাশাপাশি মিসরে আয়োজিত যুদ্ধবিরতি বিষয়ক শীর্ষ সম্মেলনে সহ-সভাপতিত্ব করবেন।
এদিকে, যুদ্ধবিরতির প্রভাবে উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে ফিরে আসা শুরু করেছেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এলাকাটিতে এখনো খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্যের ঘাটতি মারাত্মক আকারে রয়ে গেছে।
জাতিসংঘের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৬৭ হাজার ৮০৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।