পাকিস্তান সীমান্ত ঘেঁষা অঞ্চলে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে আফগানিস্তান। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ–এর বরাত দিয়ে রোববার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুনার প্রদেশের সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা হচ্ছে ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক। টোলো নিউজ জানায়, পাকিস্তানের কুররাম এলাকার বাসিন্দারা মাঝে মাঝে গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন, যদিও মূল সংঘর্ষ আপাতত থেমে আছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে পোস্ট করে বলেন,
“এটা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় যে আফগানিস্তান ঠিক সেই সময়ে পাকিস্তানে হামলা চালিয়েছে, যখন আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে আছেন এবং সেখানে পাকিস্তানবিরোধী যৌথ বিবৃতি প্রচার করা হচ্ছে।”
এর আগে কাবুলসহ আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালায় তালেবান বাহিনী। আফগান কর্মকর্তাদের দাবি, এ অভিযানে পাকিস্তানের অন্তত ৫৮ সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্রও দখল করেছে। তবে পাকিস্তান এখনও এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।