রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বোরকা পরে এসে অজ্ঞাত দুই ব্যক্তি একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে পালিয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে শম্পা জুয়েলার্স নামের দোকানে। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুইজন চোর বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে ভিতরে প্রবেশ করে চুরি করে পালিয়ে যায়।
জুয়েলারির মালিক জানান, দোকানে সাজানো ছিল প্রায় ৪০০ ভরির মতো স্বর্ণালঙ্কার, এছাড়াও বন্ধক রাখা ছিল প্রায় ১০০ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার টাকা। সব কিছুই নিয়ে গেছে চোরের দল।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্তে নেমেছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।