সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “৭২ বছর বয়সে যদি আমাকে সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয়।”
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে ‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই, ও সেফ এক্সিট’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেন, ভৈরব ও আশুগঞ্জ পরিদর্শনে গিয়ে দেখেছেন স্টেশনগুলোর অব্যবস্থাপনা ও যাত্রীদের সমস্যার চিত্র। স্থানীয় জনগণ স্টেশনকে পূর্বের মতো বি-শ্রেণিভুক্ত করার দাবি জানিয়েছেন। উপদেষ্টা জানিয়েছেন, রেলের মহাপরিচালককে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
মোটরসাইকেল চালকের হেলমেট না থাকার প্রসঙ্গে তিনি বলেন, “সরাইলের পথে রওনা হওয়ার সময় দেখা যায়, কোনো চালক বা যাত্রীর হেলমেট নেই। বহু খোঁজাখুঁজির পর একটিমাত্র হেলমেট পাওয়া যায়। তাই সেটি নিজেই পরে যাত্রা শুরু করি।” এ সময় তিনি হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেন।
সরাইল বিশ্বরোডের যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “চালকদের শৃঙ্খলাবোধের অভাব ও ট্রাফিক পুলিশের দুর্বল ব্যবস্থাপনা প্রধান কারণ।” তিনি জানান, এ বিষয়ে আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত রাস্তা সংস্কারে ছয়টি পদক্ষেপ নেওয়া হয়েছে।
‘সেফ এক্সিট’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, “যিনি বিষয়টি তুলেছেন, তিনি আমার শ্রদ্ধার পাত্র নাহিদ ইসলাম। তাই তার বক্তব্যের ওপর মন্তব্য করা শোভন নয়। আমি রাজনৈতিক মন্তব্য করি না।”
নিজের দায়িত্বপালনের বিষয়ে ফাওজুল কবির লেখেন, “আমি পদে থেকে কখনো অন্যায় সুবিধা গ্রহণ করিনি। কাউকে চাকরি বা ব্যবসায় সুবিধা দেইনি। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাসের সুযোগ থাকা সত্ত্বেও জনগণের প্রতি দায়িত্ব পালনকেই অগ্রাধিকার দিয়েছি।”
শেষে দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, “তাই আজ ৭২ বছর বয়সে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা সত্যিই গভীর দুঃখের বিষয়।”