৫২ কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজাহারে উল্লেখ করা হয়েছে, থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লার কাছ থেকে চাপ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এই অর্থ আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের উপ-সহকারী পরিচালক সাজীব আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রীর স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামানসহ আরও কয়েকজন।
এর আগে, দুদকের আবেদনের ভিত্তিতে সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি চাওয়া হয়। আদালত আগামী ২১ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
বাংলাদেশের আদালত ইতোমধ্যেই সাইফুজ্জামান ও রুকমিলার নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমিসহ বিপুল সম্পদ ক্রোক ও ফ্রিজ করার নির্দেশ দিয়েছে।
এছাড়া, গত ৫ মার্চ এক আদেশে তাদের পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়, যেখানে জমা রয়েছে প্রায় ৫ কোটি ২৬ লাখ টাকা। একইসঙ্গে, আদালত ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দেরও নির্দেশ দেন।
২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।