1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

স্বস্তির জয়ের পর যাদের প্রশংসায় ভাসালেন লিটন

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে গ্রুপ ‘বি’ ম্যাচে ৮ রানের জয় নিয়ে আনন্দে ভাসছে টাইগাররা। যদিও ব্যাট হাতে প্রত্যাশিত রান তুলতে পারেনি দল, তবুও এই জয় অধিনায়ক লিটন দাসকে এনে দিয়েছে বড় স্বস্তি।

আবু ধাবিতে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৫৪ রান। ঝড়ো ব্যাটিংয়ে ওপেনার তানজিদ তামিম করেন ৩১ বলে ৫২ রান। তার সঙ্গে সাইফ হাসান যোগ করেন ৩০, তাওহীদ হৃদয় ২৬ এবং শেষ দিকে জাকের আলী (১২*) ও নুরুল হাসান (৬ বলে ১২*) ছোট ক্যামিও খেলেন। তবে শেষ কয়েক ওভারে রান তোলার গতি মন মতো হয়নি বলে মন্তব্য করেছেন লিটন।

ম্যাচ শেষে অধিনায়ক বলেন,

“জয়টা অবশ্যই স্বস্তির, তবে শেষ দিকে আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। অন্তত ১৫-২০ রান কম করেছি। তবুও নাসুম আর রিশাদ যেভাবে বল করেছে, সেটা ছিল অসাধারণ। তামিমও (তানজিদ) দারুণ ব্যাট করেছে, শুরুতে ওপেনিং জুটিটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।”

জবাবে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমরজাই (১৬ বলে ৩০) ও অধিনায়ক রশিদ খান (১১ বলে ২০) চেষ্টা করলেও নিয়মিত আঘাতে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণেই রাখেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে আসল কৃতিত্ব ছিল স্পিনার নাসুম আহমেদ ও লেগস্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে। শেষ পর্যন্ত আফগানরা থেমে যায় ১৪৬ রানে।

এদিকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা-আফগানিস্তানের মধ্যকার ম্যাচেই নির্ধারিত হবে সুপার ফোরে বাংলাদেশের ভাগ্য। লঙ্কানরা জিতলেই বাংলাদেশ সরাসরি যাবে পরের পর্বে। তবে শ্রীলঙ্কা হেরে গেলে হিসাব গড়াবে নেট রান রেটে। এ ক্ষেত্রে আফগানিস্তান আগে ব্যাট করলে অন্তত ৬৫ রানের ব্যবধানে জয় পেতে হবে, আর পরে ব্যাট করলে জিততে হবে ৫০ বল হাতে রেখে। অন্যথায় বাংলাদেশই এগিয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss