ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর উচ্চ নিরাপত্তা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।
কারাগারের জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। মুক্তির পর প্রথমে রিকশায় করে মূল ফটকে আসেন তিনি, পরে একটি সাদা গাড়িতে করে স্থান ত্যাগ করেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত ৫ এপ্রিল বাংলাদেশের হাইকোর্ট বিভাগ থেকে তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় এক পালাগানের আসরে ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠে আবুল সরকার এর বিরুদ্ধে। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের অনুষ্ঠান থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন তাকে মানিকগঞ্জে নেওয়া হয় এবং একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলাটি দায়ের করেন ঘিওর উপজেলার এক বাসিন্দা, যেখানে ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগ আনা হয়।
ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেলেও মামলার কার্যক্রম এখনো চলমান রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.