লেবাননে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে কঠোর অবস্থান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান কখনোই তাদের “লেবানিজ ভাই-বোনদের” একা ফেলে যাবে না।
বিবিসি-এর খবরে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার ইসরায়েল যে হামলা চালিয়েছে, তা তিনি “প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন” হিসেবে আখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে পেজেশকিয়ান এই হামলাকে “প্রতারণা” এবং সম্ভাব্য চুক্তি না মানার একটি “বিপজ্জনক লক্ষণ” বলে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, “এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে আলোচনা অর্থবহ হবে না,” এবং যোগ করেন—“আমাদের হাত এখনো ট্রিগারেই আছে।”
অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, লেবানন যুদ্ধবিরতির “অবিচ্ছেদ্য অংশ”। তিনি দাবি করেন, লেবানন ও তথাকথিত “প্রতিরোধ অক্ষ” ইরানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় এই ইস্যুতে কোনো আপস নেই।
গালিবাফ আরও সতর্ক করে বলেন, ইসরায়েলের স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত ২৫৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও বিস্তৃত করার ঝুঁকি তৈরি করছে।
Leave a Reply
You must be logged in to post a comment.