মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বা মাশুল আরোপের পরিকল্পনা করছে ইরান ও ওমান। পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক আঞ্চলিক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, এই টোল থেকে প্রাপ্ত অর্থ ইরান তাদের পুনর্গঠন কাজে ব্যয় করবে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওমান তাদের অংশের অর্থ কীভাবে ব্যবহার করবে তা এখনো স্পষ্ট নয়।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ, যার ওপর ইরান ও ওমান উভয় দেশেরই আঞ্চলিক অধিকার রয়েছে। ফলে এখানে টোল আরোপের সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি পরিবহনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হলে দেশটি যুদ্ধবিরতিতে সম্মত হবে। তিনি আরও জানান, যুদ্ধবিরতির সময় দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা সম্ভব হবে, যা ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর বিশেষ অনুরোধে ইরানে সম্ভাব্য বড় হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার শর্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে হরমুজ প্রণালীকে ঘিরে আঞ্চলিক কূটনীতি ও বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে প্রভাব পড়তে পারে।
Leave a Reply
You must be logged in to post a comment.