রাজধানী ঢাকায় হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে শিশুদের ভর্তির চাপ বাড়ছে, যা স্বাস্থ্যখাতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও হাসপাতাল সূত্র জানিয়েছে, উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সব শিশুই নিশ্চিতভাবে হামে আক্রান্ত নয়। তারপরও পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বুধবার (০৮ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে দেখা যায়, অনেক অভিভাবক তাদের অসুস্থ শিশুদের নিয়ে ভর্তি করাতে এসেছেন। অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ শিশুই কয়েক সপ্তাহ ধরে জ্বর, সর্দি কিংবা ডায়রিয়ায় ভুগছিল।
চিকিৎসকরা জানান, সাধারণত জ্বর, সর্দি বা ডায়রিয়া হওয়ার ৪ থেকে ৫ দিনের মধ্যে হামের লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। তবে অনেক ক্ষেত্রে অভিভাবকরা চিকিৎসকের পরামর্শ না নিয়ে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ান, ফলে রোগের উপসর্গ আরও জটিল হয়ে ওঠে।
বিশেষজ্ঞদের মতে, শিশু অসুস্থ হওয়ার এক থেকে দুই দিনের মধ্যেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। এতে দ্রুত সঠিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয় এবং জটিলতা কমে আসে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এবং শিশুদের যেকোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.