জ্বালানি পরিস্থিতি বিবেচনায় মার্কেট ও শপিংমল খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, মার্কেট ও শপিংমল খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে, গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে দোকানপাট সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
প্রতিমন্ত্রী বলেন, চলতি এপ্রিল মাসের জ্বালানি চাহিদা পূরণে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে আগামী তিন মাসের জন্য জ্বালানি মজুতেরও উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ডিজেলের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এ সময় কৃষকদের প্রয়োজনীয় ডিজেল সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া, জ্বালানির অপচয় রোধে সবাইকে সাশ্রয়ী ও দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সরকারের এই সিদ্ধান্তে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply
You must be logged in to post a comment.