1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ইরানের পাহাড়ে রুদ্ধশ্বাস অভিযান: কীভাবে উদ্ধার হলো নিখোঁজ মার্কিন ক্রু

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রুকে দুঃসাহসিক অভিযানে উদ্ধার করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। প্রায় দুই দিন ধরে চলা অভিযানে বিশেষ বাহিনী, বিমান সহায়তা ও উন্নত যোগাযোগ ব্যবস্থার সমন্বয়ে এই উদ্ধার সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে পড়া মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৫ এপ্রিল) ভোরে পরিচালিত এই অভিযানের মাধ্যমে তাকে নিরাপদে ইরানের বাইরে নিয়ে যাওয়া হয়।

গত শুক্রবার (৩ এপ্রিল) ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল ভূপাতিত করার দাবি করে। ওই বিমানে দুইজন ক্রু ছিলেন। এর আগে প্রথম ক্রুকে উদ্ধার করা হলেও দ্বিতীয়জন নিখোঁজ ছিলেন।

মার্কিন কর্মকর্তাদের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, নিখোঁজ ক্রুকে উদ্ধার করতে একটি বিশেষ কমান্ডো ইউনিট মোতায়েন করা হয়, যারা বিমান সহায়তায় অভিযান পরিচালনা করে। ক্রু সদস্যটি ভূপাতিত হওয়ার পর একটি যোগাযোগ যন্ত্রের মাধ্যমে মার্কিন বাহিনীর সঙ্গে সংযুক্ত ছিলেন, যা তার অবস্থান শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিবেদনে বলা হয়, ইরানি বাহিনী যখন ওই ক্রুকে আটক করতে দ্রুত এগিয়ে যাচ্ছিল, তখন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী তাদের ওপর হামলা চালিয়ে উদ্ধার অভিযানে সহায়তা করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রুত ক্রুকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এই অভিযানে ব্যবহৃত কৌশল তুলে ধরে বলেন, তার নির্দেশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত ডজনখানেক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল। তিনি এটিকে “মার্কিন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান” হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প আরও জানান, ক্রু সদস্যটি আহত হলেও দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং বর্তমানে নিরাপদ অবস্থায় আছেন। তিনি দাবি করেন, পুরো অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি এবং এটি ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্যের প্রমাণ।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি)। দেশটির গণমাধ্যমে দাবি করা হয়েছে, উদ্ধার অভিযানের এলাকায় তীব্র সংঘর্ষ হয়েছে এবং একটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে এই উদ্ধার অভিযান পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss