উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। জেলার প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে আটঘরিয়া এলাকায় এর উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪।
এ ভূমিকম্পে জেলার বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হলেও কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, কয়েক সেকেন্ডের জন্য মাটি কেঁপে ওঠে, তবে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অনেক বাসিন্দা ভূমিকম্প অনুভব করার কথা জানান। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বাসিন্দারা কম্পনটি বেশি অনুভব করেছেন বলে জানান।
এর আগে গত ৫ জানুয়ারি ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে সিলেট ও আশপাশের এলাকায় কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প অনুভূত হয়। তখনও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পনের কথা জানান।