দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ কমলেও মৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে।
রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত মোট ১,১৯৫ জন ডেঙ্গু রোগী নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা মহানগরীতে: ৩৩৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২৭৮ জন, বরিশাল বিভাগে: ১৫৫ জন, চট্টগ্রাম বিভাগে: ১৩২ জন, খুলনা বিভাগে: ১১৪ জন, ময়মনসিংহ বিভাগে: ৫৯ জন, রাজশাহী বিভাগে: ১১৩ জন, সিলেট বিভাগে: ৯ জন
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৭৮ হাজার ৫৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই রাজধানী ঢাকায়। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা ও পরবর্তী মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যায়। তাই বাসাবাড়ির অবাঞ্ছিত পানি জমে থাকা স্থানে নিয়মিত পরিষ্কার রাখা, মশারি ব্যবহার এবং মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।